24 মে , 2013

খুলনায় জেলা আইন-শৃঙ্খলা কমিটি সভা ॥ জুন মাসে ৩৬৪টি মামলা দায়ের

newsbanglaphoto-02-24-07-12নিউজবাংলা২৪ডটনেট:: খুলনা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা মঙ্গলবার সকালে জেলা ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন এর  সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলার আইন শৃঙ্খলা প্রতিবেদনে দেখা যায় গত জুন মাসে জেলার নয়টি থানায় ২৪৩টি এবং মহানগরীর পাঁচটি থানায় ১২১টি মামলা দায়ের হয়েছে।

সভায় আলোচনা শেষে কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরমধ্যে আসন্ন জাতীয় দিবস ১৫ আগস্ট এবং ঈদ-উল-ফিতরকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না ঘটে; দিঘলিয়া উপজেলা সংলগ্ন নদী হতে বালু উত্তোলন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ; রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও ভেজাল প্রতিরোধে  ভ্রাম্যমান আদালত পরিচালনা করা; ঈদকে সামনে রেখে জাল টাকার লেনদেন যেন না হয় ও বড় ধরণের অর্থের লেনদেনে পুলিশের সহযোগিতা নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।  এছাড়া মাদকের অবৈধ ব্যবসা ও ব্যবহার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার বিষয়েও সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় আইন-শৃঙ্খলা প্রতিবেদনে জানানো হয় মহানগর ব্যতীত জেলার নয়টি থানায় গত জুন মাসে  ডাকাতি ১টি, রাহাজানি ৩টি চুরি, ১৩টি, খুন ২টি, ধর্ষণ ১৩টি, অস্ত্র আইনে ৬টি, অপহরণ ১টি, নারী ও শিশু নির্যাতন ৩৯টি, এসিড নিক্ষেপ ১টি, মাদকদ্রব্য ২৩টি, নারী ও শিশু পাচার ২টি এবং অন্যান্য আইনে ১৩৯টি সহ মোট ২৪৩টি মামলা দায়ের হয়।  গত মে মাসে মামলা দায়ের হয়েছিল ২৩৩টি।
মহানগরীর পাঁচটি থানায় গত জুন মাসে রাহাজানি ১টি,  চুরি ৫টি, খুন ৩টি, ধর্ষণ ৩টি, অপহরণ ১টি, নারী ও শিশু নির্যাতন ২৩টি, মাদকদ্রব্যে ৪২টি এবং অন্যান্য ৪৩২টি সহ মোট ১২১টি মামলা দায়ের হয়েছে।  গত মে মাসে এ সংখ্যা ছিল ১১৮টি।
সভায় সংসদ সদস্য মোল্যা জালাল উদ্দিন,  পুলিশ সুপার তানভীর হায়দার চৌধুরী এবং কেসিসি, র‌্যাব ও কেএমপি’র প্রতিনিধি, উপজেলা চেয়ারম্যান, ইউএনও এবং রাজনৈতিক নেতৃবৃন্দসহ কমিটির সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।#